হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মণিপুর আজ আর কেবল একটি ভূখণ্ডের নাম নয়—এটি এক দগ্ধ উচ্চারণ, এক সশস্ত্র নীরবতা। যেখানে সকাল গণনা করে পোড়া ঘরের সংখ্যা, আর নদীর জলে ধোঁয়ারই জোয়ার। রাষ্ট্র আইনের মুখে সীমারেখা টানে, কিন্তু মানুষের মুখে আগুন জ্বলে। পরিচয় এখানে কবিতা নয়, অস্ত্র; বন্ধুত্বের শিকড় কেটে প্রতিবেশী হয়ে ওঠে পর। এক শিশু ছাইয়ের ওপরে ভবিষ্যৎ আঁকে, এক মায়ের কান্না ভাষাহীন জন্ম নেয় ভস্ম থেকে। মানবতা কি আজও কোনো শিবিরের কোণে বাঁচে, নাকি পুড়ে গেছে ভুল পরিচয়ের আগুনে? পরিসংখ্যান শুধু সংখ্যা জানে, ইতিহাস শুধু দাগ। কিন্তু তবু অন্ধকারের গর্ভে খোঁজে একটি হাত আরেকটি হাত—প্রশ্ন করে, “আমরা কি আবার মানুষ হতে পারি?” এই প্রশ্নটুকুই শেষ আলো, এই প্রশ্নটুকুই মণিপুর। কারণ যতদিন প্রশ্ন থাকে, ততদিন আগুনও শেষ কথা নয়। মণিপুর আজ এক পরীক্ষা—যেখানে রাষ্ট্রের শক্তি নয়, মানবতার গভীরতাই বিচার্য। আর আমরা, এই সময়ের সাক্ষী হয়ে, নিজেদেরই জিজ্ঞাসা করি: কি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হব?
।। অগ্নিগর্ভ মণিপুর ।।
- সেখ মঈনুল হক
মণিপুর আজ মানচিত্র নয় —
একটি জ্বলন্ত উচ্চারণ,
যেখানে নদীর নাম বদলে যায় ধোঁয়ার রেখায়,
আর পাহাড়েরা শিখে নেয় আগুনের ব্যাকরণ।
এখানে সকাল মানে সূর্যোদয় নয় —
বরং নতুন করে গণনা,
কতগুলো ঘর আর নেই,
কতগুলো নাম আজ অনিরাপদ।
রাষ্ট্র দাঁড়িয়ে থাকে দূরে —
এক অদৃশ্য সীমারেখার ওপারে,
তার কণ্ঠে আইন,
কিন্তু মানুষের কণ্ঠে আগুন।
পরিচয় এখানে আর কোনো কবিতা নয়,
এটি একটি ধারালো অস্ত্র,
যা কেটে ফেলে প্রতিবেশীর স্মৃতি,
বন্ধুত্বের শিকড়,
এবং একই আকাশের নিচে বেঁচে থাকার সম্ভাবনা।
আমি দেখি —
একটি শিশুর চোখে ভেসে ওঠে মানচিত্র,
যেখানে স্কুল নেই,
শুধু ছাইয়ের উপর আঁকা ভবিষ্যৎ।
আমি শুনি —
একজন মায়ের কান্না,
যার ভাষা কোনো অভিধানে নেই,
কারণ তা জন্ম নেয় ভস্ম থেকে,
আর ফিরে যায় নীরবতায়।
মানবতা এখানে প্রশ্নবিদ্ধ —
সে কি এখনও বেঁচে আছে
কোনো শরণার্থী শিবিরের কোণে ?
নাকি সেও পুড়ে গেছে
একটি ভুল পরিচয়ের আগুনে ?
রাষ্ট্রের চোখে সংখ্যা —
কত নিহত, কত আহত, কত বাস্তুচ্যুত,
কিন্তু ইতিহাসের চোখে —
এগুলো সবই অমোচনীয় দাগ,
যা কোনো পরিসংখ্যান মুছে দিতে পারে না।
তবু, এই অন্ধকারের মধ্যেও
একটি অদৃশ্য প্রতিরোধ জন্ম নেয় —
একটি হাত আরেকটি হাত খোঁজে,
একটি কণ্ঠ আরেকটি কণ্ঠকে ডাকে —
“আমরা কি আবার মানুষ হতে পারি ?”
এই প্রশ্নই শেষ আলো,
এই প্রশ্নই ভবিষ্যৎ,
কারণ যতদিন প্রশ্ন বেঁচে থাকে,
ততদিন আগুনও শেষ কথা নয়।
মণিপুর, তুমি কেবল এক ভূগোল নও —
তুমি এক পরীক্ষা,
যেখানে রাষ্ট্রের শক্তি নয়,
মানবতার গভীরতাই পরিমাপ করা হয়।
আর আমরা —
এই সময়ের সাক্ষী হয়ে —
নিজেদেরই জিজ্ঞেস করি,
আমরা কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব ?
আপনার কমেন্ট